স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে-ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঠাকুরগাঁওয়ের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, আমি ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে চিরঋণী। তারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।
৫ই আগস্ট এর সময় পুলিশের হত্যাকান্ডের বিচারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়টি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে। প্রয়োজন হলে আরো তদন্ত হবে মূলত এ বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন।
আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, পূর্ববর্তী সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।
অন্যদিকে এ বিষয়ে এনসিপির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
এ সময় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































